
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: মুশফিকুর রহিমের শততম টেস্টে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরুর ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ। ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলামের হাত ধরে আসে আশাব্যঞ্জক পঞ্চাশ রানের জুটি। তবে সেট হয়েও দীর্ঘক্ষণ টিকতে পারলেন না সাদমান। ৩৫ রানে অ্যান্ডি ম্যাকব্রাইনের শিকার হয়ে ফেরেন তিনি।
এরপর বেশিক্ষণ থাকতে পারেননি জয়ও। ৮৩ রানের মাথায় ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন সিলেট টেস্টের সেঞ্চুরিয়ান—জয়ের ব্যাট থেকে আসে ৩৪ রান। তৃতীয় উইকেট হিসেবে ফেরেন নাজমুল হোসেন শান্তও; মাত্র ৮ রান করে আউট হয়ে বাংলাদেশকে চাপের মধ্যে ফেলে যান তিনি।
লাঞ্চের আগ পর্যন্ত দলীয় ১০০ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাট করছে বাংলাদেশ। এখন ক্রিজে আছেন মমিনুল হক ও শততম টেস্ট উদযাপন করা মুশফিকুর রহিম। মমিনুল ১৭ রানে, মুশফিক ৩ রানে অপরাজিত।
আইরিশদের হয়ে এখন পর্যন্ত তিনটি উইকেটই নিয়েছেন অ্যান্ডি ম্যাকব্রাইন। সকালের সুন্দর সূচনার পর তিন টপ অর্ডার ফিরে যাওয়ায় চাপ তৈরি হয়েছে ব্যাটিং অর্ডারে।
দিনের শুরুতে টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নেন শান্ত। দুই ম্যাচ সিরিজে এর আগের টেস্টে বড় জয়ে এগিয়ে আছে বাংলাদেশ; তাই ঢাকায় প্রথম দিন থেকেই বড় সংগ্রহ গড়াই ছিল লক্ষ্য।































