
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। তবে শুরুটা একদম ভালো হয়নি তাদের। ইনিংসের চতুর্থ বলেই বাংলাদেশের পেসার হাসান মাহমুদ তুলে নেন অধিনায়ক অ্যান্ডি বলবার্নির উইকেট। তিনি কোনো রান না করেই এলবিডব্লু হন। ফলে প্রথম ওভারেই উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা।
সিলেটে অনুষ্ঠিত এই ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। টাইগারদের মূল লক্ষ্য ছিল আয়ারল্যান্ডকে অল্প রানে গুটিয়ে দেওয়া। এদিন বাঁহাতি স্পিনার হাসান মুরাদ টেস্ট অভিষেকের সুযোগ পেয়েছেন। দুই পেসার ও তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ সর্বশেষ টেস্ট খেলেছিল গত জুনে শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর থেকে সাদা বলের ক্রিকেট নিয়েই ব্যস্ত সময় কাটিয়েছে দলটি। তবে এবার দীর্ঘ বিরতির পর টেস্ট ক্রিকেটে ফিরে নিজেদের সেরা পারফরম্যান্স দেখাতে বদ্ধপরিকর টাইগাররা।
মাহমুদুল হাসান জয় সাত মাস পর টেস্ট দলে ফিরেছেন এবং সাদমান ইসলামের সঙ্গে ইনিংস শুরু করার সম্ভাবনা রয়েছে। মিডল অর্ডারে থাকছেন অভিজ্ঞ মুমিনুল হক, মুশফিকুর রহিম ও লিটন দাস।
মুশফিক বর্তমানে দারুণ ফর্মে আছেন—গত জুনে শ্রীলঙ্কা সফরে গল টেস্টে ১৬৩ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এই ম্যাচটি তার ক্যারিয়ারের ৯৯তম টেস্ট।
সিলেটের উইকেট সাধারণত পেসারদের সহায়ক হলেও বাংলাদেশ এবারও স্পিনারদের উপর ভরসা রাখছে। তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ দুজনই ইতোমধ্যে টেস্টে ২০০ উইকেটের বেশি নিয়েছেন। তাইজুলের সামনে সুযোগ রয়েছে সাকিব আল হাসানকে পেছনে ফেলে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার।
বাংলাদেশ একাদশ:
নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, হাসান মুরাদ, নাহিদ।
































