
আওয়ার টাইমস নিউজ।
ডে্ক রিপোর্ট: দেশের ইমাম-খতিবদের জন্য জাতীয় বেতনস্কেলে বেতন দেওয়ার আহ্বান জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন। রোববার সকালে কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত ইমাম-খতিব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বেসরকারিভাবে পরিচালিত মসজিদ কমিটিগুলোর প্রতি এই আহ্বান জানান।
শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন কুমিল্লা জেলা ও মহানগর কমিটির আয়োজিত অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা জানান, দেশে প্রায় সাড়ে তিন লাখ মসজিদ থাকলেও অধিকাংশই কমিউনিটির মাধ্যমে পরিচালিত হয়। এসব মসজিদে অনেক সময় ইমাম-খতিবদের ন্যায্য মূল্যায়ন করা হয় না। তবে যেসব মসজিদ কমিটি ইমামদের সম্মান, উপযুক্ত বেতন-ভাতা এবং অবসরে প্রণোদনার ব্যবস্থা রাখে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, ইমাম-খতিবদের সম্মানহানি হলে সমাজের সামগ্রিক মূল্যবোধও ক্ষতিগ্রস্ত হয়। এ জন্য মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা যুগোপযোগী করার কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং দ্রুতই গেজেট প্রকাশের আশা করা হচ্ছে।
উপদেষ্টা আরও জানান, মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের বিদ্যমান নীতিমালায় ইমাম, খতিব ও খাদেমদের বেতন অনেক কম। এই সরকারের সময়েই বেতনভাতা সমন্বয় করে একটি নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া অসুস্থ, দরিদ্র ও অসহায় ইমাম-খতিবদের সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
জুমার খুতবায় জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় যেমন মাদক, যৌতুক, দুর্নীতি, সুদ-ঘুষ, সমাজচ্যুতি, কিশোর গ্যাং এবং জীববৈচিত্র্, এসব বিষয়ে মুসল্লিদের সচেতন করার অনুরোধ জানান তিনি। একই সঙ্গে ইমাম-খতিবদের মধ্যে বিভেদ তৈরি হতে না দেওয়ারও আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং কুমিল্লা মহানগর সভাপতি শায়খ আব্দুল্লাহ আল মামুন মোস্তফী। প্রধান বক্তা ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ মুফতি শামীম মজুমদার।
২০১৫ সাল থেকে ‘ঐক্যবদ্ধ মিম্বার—আলোকিত সমাজ’ স্লোগান নিয়ে ফাউন্ডেশনটি ইমাম-খতিবদের কল্যাণে কাজ করে যাচ্ছে।
পরে ধর্ম উপদেষ্টা লাকসাম উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন এবং উদ্বোধনী ফলক উন্মোচন করেন।





























