আওয়ার টাইমস নিউজ।
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: চাঁদের বুকে দীর্ঘমেয়াদি মানববসতি গড়ে তোলার পথে খাদ্য উৎপাদনের চ্যালেঞ্জ জয়ে বড় এক সাফল্য অর্জন করেছেন বিজ্ঞানীরা। গবেষণাগারে তৈরি কৃত্রিম চাঁদের মাটিতে সফলভাবে আলু উৎপাদন করে দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির একদল গবেষক। তাদের দাবি, উৎপাদিত এসব আলু মানুষের খাওয়ার উপযোগী হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার অর্থায়নে পরিচালিত এই যুগান্তকারী গবেষণাটি গত ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘নেচার’-এ প্রকাশিত হয়েছে।
চাঁদে মানুষ বসবাস শুরু করলে পৃথিবী থেকে সব সময় খাবার বয়ে নিয়ে যাওয়া বাস্তবসম্মত নয়। নাসার ‘আর্টেমিস’ মিশনেরও অন্যতম লক্ষ্য চাঁদে বসবাসের উপযোগী টেকসই পরিবেশ তৈরি করা। সেই লক্ষ্যেই গবেষণার প্রধান বিজ্ঞানী অ্যামেরিক গোয়ের নেতৃত্বে গবেষকেরা চাঁদের মাটির বৈশিষ্ট্য অনুকরণ করে পাঁচ ধরনের কৃত্রিম ‘রেগোলিথ’ (চাঁদের পাথর ও ধুলাবালু মিশ্রিত মাটি) তৈরি করেন।
বিজ্ঞানীরা জানান, চাঁদের আসল মাটিতে পৃথিবীর মতো জৈব পদার্থ বা নাইট্রোজেন নেই; বরং এতে তামার মতো ভারী ধাতু থাকায় সরাসরি ফসল ফলানো অত্যন্ত কঠিন। এই সংকট কাটাতে গবেষকেরা কৃত্রিম রেগোলিথের সঙ্গে কেঁচো দিয়ে তৈরি জৈব সার (ভার্মিকম্পোস্ট) মিশিয়ে গ্রিনহাউসে ‘মোডক’ জাতের আলু রোপণ করেন।
গবেষণায় যা পাওয়া গেল:
জৈব সারের জাদু: জৈব সার ছাড়া আলুগাছের বৃদ্ধি খুবই সামান্য হলেও মাটির সঙ্গে ৩০ শতাংশ জৈব সার মেশানোর পর আলুর ফলন ও গুণগত মান যুক্তরাষ্ট্রের অন্যতম সেরা আলু উৎপাদনকারী অঞ্চল ওরেগনের হার্মিস্টনের মাটির সমপর্যায়ে পৌঁছায়।
ভারী ধাতু নিয়ন্ত্রণ: জৈব সার মাটিতে থাকা ক্ষতিকর ভারী ধাতুর সঙ্গে মিশে গিয়ে গাছের শিকড়ে সেগুলোর শোষণ কমিয়ে দেয়, ফলে আলু নিরাপদ থাকে।
পুষ্টিগুণ ও নিরাপত্তা: উৎপাদিত আলুর পুষ্টিগুণ ঠিক ছিল এবং এতে প্রাকৃতিক বিষাক্ত উপাদান গ্লাইকোঅ্যালকালয়েডের মাত্রাও বাড়েনি। তবে কিছু নমুনায় তামা, দস্তা ও অ্যালুমিনিয়ামের উপস্থিতি সামান্য বেশি পাওয়া গেছে, যা আরও পর্যবেক্ষণের দাবি রাখে।
গবেষক অ্যামেরিক গোয়ে জানিয়েছেন, ছোট টবে পরীক্ষামূলকভাবে উৎপাদিত এসব আলুর নমুনা আরও নিবিড় পরীক্ষার জন্য গবেষণাগারে পাঠানো হয়েছে এবং পরবর্তী ধাপে বড় পরিসরে আলুর ১০টি ভিন্ন জাত নিয়ে পরীক্ষা চালানো হবে।
বিজ্ঞানীদের মতে, ভবিষ্যতে নভোচারীরা পৃথিবী থেকে অল্প পরিমাণ জৈব সার নিয়ে চাঁদে যাত্রা করতে পারেন এবং পরবর্তীতে খাবারের উচ্ছিষ্ট ও উদ্ভিদের বর্জ্য প্রক্রিয়াজাত করে চাঁদেই জৈব সার তৈরি করে চাষাবাদ চালিয়ে যেতে পারবেন।

