
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদের পূর্বাঞ্চলে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা আন্তর্জাতিক একটি বার্তা সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, রিয়াদের পূর্ব অংশের বাসিন্দারা বড় ধরনের কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং আকাশে ধোঁয়া উঠতে দেখেছেন। সংশ্লিষ্ট বার্তা সংস্থার সংবাদদাতারাও বিস্ফোরণের শব্দ শোনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দুই মিত্র দেশ ইসরাইল ও সৌদি আরব কয়েক সপ্তাহ ধরে সম্ভাব্য সামরিক পদক্ষেপের পক্ষে যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করছিল। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মধ্যপ্রাচ্যের সংকটের কূটনৈতিক সমাধানের পক্ষে প্রকাশ্যে মত দিলেও সাম্প্রতিক সময়ে তিনি মার্কিন প্রশাসনের সঙ্গে একাধিক ব্যক্তিগত যোগাযোগ করেছেন। একই সময়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়ে আসছিলেন।
মার্কিন কর্মকর্তাদের কাছে সৌদি পক্ষ থেকে সতর্ক করা হয়, দ্রুত পদক্ষেপ না নিলে ইরান ভবিষ্যতে আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমানও এ অবস্থানকে সমর্থন করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, সৌদি আরবের এই অবস্থানের পেছনে তেলের স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।





























