
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর আরাদে আঘাত হেনেছে। এতে অন্তত ৭৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে একাধিকবার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। শেষ পর্যন্ত এটি শহরের একটি আবাসিক ভবনের মাঝখানে আঘাত হানে, ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
উদ্ধারকারী সংস্থাগুলো জানিয়েছে, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। একটি শিশুসহ গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় একটি হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
ঘটনার পর ইসরাইলের বিমান বাহিনী কীভাবে প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করা হলো, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।
নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় দেশটির শিক্ষা মন্ত্রণালয় রোববার ও সোমবার সারা দেশে সরাসরি ক্লাস বন্ধ ঘোষণা করেছে। সাম্প্রতিক হামলাগুলোর কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এদিকে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জরুরি ও উদ্ধার কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।
সূত্র: আলজাজিরা, দ্য জেরুজালেম পোস্ট





























