
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট Donald Trump দাবি করেছেন, ইরান চুক্তি করতে আগ্রহী হলেও ভয়ের কারণে প্রকাশ্যে আলোচনা করতে পারছে না। ওয়াশিংটনে রিপাবলিকান পার্টির এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, তেহরান আশঙ্কা করছে, তারা চুক্তির বিষয়ে এগোলে নিজেদের লোকদের হাতে কিংবা যুক্তরাষ্ট্রের হামলায় প্রাণ হারাতে পারে। তার ভাষায়, “তারা বলতে ভয় পাচ্ছে। কারণ, তারা মনে করছে, নিজেদের লোকদের হাতেই মারা যাবে। আমাদের হাতেও মারা যাওয়ার ভয় রয়েছে।
তিনি আরও দাবি করেন, মধ্যপ্রাচ্যে ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্র যা করছে, তা অতীতে কখনো দেখা যায়নি। একই সঙ্গে তার বক্তব্য, ইরান আলোচনায় আছে এবং একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী।
এর আগে হোয়াইট হাউস জানিয়েছিল, ইরানের সঙ্গে আলোচনা এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছেনি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া ১৫ দফা প্রস্তাব তাৎক্ষণিকভাবে গ্রহণ করেনি তেহরান। মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, পাকিস্তানে একটি বৈঠকের আয়োজনের চেষ্টা চলছে, যেখানে সংঘাত নিরসনের বিকল্প পথ নিয়ে আলোচনা হতে পারে।
এদিকে যুক্তরাষ্ট্র তাদের প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করার উদ্যোগ নিয়েছে। Pentagon জানিয়েছে, প্রিসিশন স্ট্রাইক মিসাইলসহ আধুনিক অস্ত্রের উৎপাদন বাড়ানো হবে। পাশাপাশি দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ব্যবহৃত থাড (THAAD) ব্যবস্থার গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ উৎপাদনও বৃদ্ধি করা হবে।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এমন বক্তব্য ও সামরিক প্রস্তুতি মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়াতে পারে।





























