
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এর সঙ্গে এক সফল দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। শুক্রবার (২৮ মার্চ) বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে অনুষ্ঠিত এই বৈঠকে, চীনা প্রেসিডেন্ট বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানোর এবং চীনা উৎপাদন কারখানাগুলো বাংলাদেশে স্থানান্তরের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন।
অধ্যাপক ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে এক পোস্টে জানায়, বৈঠকটি ছিল অত্যন্ত সফল, এবং আলোচনাগুলো ছিল বিস্তৃত, ফলপ্রসূ ও গঠনমূলক। বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশের প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং বলেন, তার দেশ বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির জন্য নানা পদক্ষেপ গ্রহণ করবে। এছাড়াও, চীনা ঋণের সুদের হার কমানোর এবং পানিসম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তার বাংলাদেশ সফরের অভিজ্ঞতা স্মরণ করে বলেন, তিনি বাংলাদেশি আম ও কাঁঠাল চেখে দেখেছেন এবং এগুলিকে অত্যন্ত সুস্বাদু বলে মন্তব্য করেছেন। তিনি আশা প্রকাশ করেন, আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশ থেকে চীনে এসব ফল রপ্তানি শুরু হবে, যা দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে।
এটি ছিল অধ্যাপক ইউনূসের প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফর, এবং তিনি চীনে তার সফরকে অত্যন্ত সফল মনে করছেন। এর আগে, অধ্যাপক ইউনূস বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করেন, যা হাইনান প্রদেশে অনুষ্ঠিত হয়েছিল।





























