
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ এবং সেনাবাহিনীর প্রধান আবদুল রহিম মুসাভি নিহত হয়েছেন।
শনিবার চালানো ওই হামলায় ইরানের শীর্ষ সামরিক নেতৃত্ব বড় ধরনের ক্ষতির মুখে পড়ে বলে জানানো হয়েছে। এর আগে ইরান আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে যে, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) প্রধান কমান্ডার মোহাম্মদ পাকপুরও একই হামলায় নিহত হয়েছেন।
ইরনা আরও জানিয়েছে, সশস্ত্র বাহিনীর আরও কয়েকজন জ্যেষ্ঠ কমান্ডার এই হামলায় প্রাণ হারিয়েছেন। নিহতদের পূর্ণ তালিকা যাচাই শেষে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান প্রতিশোধমূলক অভিযানের ষষ্ঠ ধাপ শুরু করেছে বলে দাবি করেছে আইআরজিসি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের অন্তত ২৭টি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।
আইআরজিসির দাবি অনুযায়ী, এসব অভিযানের আওতায় ইসরায়েলের তেল নোফ বিমানঘাঁটি, তেল আবিবে অবস্থিত সেনাবাহিনীর কমান্ড সদরদপ্তর হা-কিরিয়া এবং একটি বড় প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সেও আঘাত হানা হয়েছে।
সংস্থাটি আরও জানিয়েছে, এই প্রতিশোধমূলক অভিযান এখানেই শেষ নয়। পরিস্থিতি অনুযায়ী ধাপে ধাপে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তবে এসব হামলায় প্রকৃত ক্ষয়ক্ষতি বা হতাহতের সংখ্যা নিয়ে এখনো কোনো স্বাধীন ও নিরপেক্ষ সূত্র থেকে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।





























