
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা সংলগ্ন এলাকা থেকে তিন শিশুকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া শিশুদের বর্তমানে সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে রাখা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে বাণিজ্য মেলার চায়না ক্যাম্প এলাকার পাশে রুটিন টহলের সময় পূর্বাচল পুলিশ ক্যাম্পের একটি দল শিশু তিনজনকে উদ্ধার করে। উদ্ধার হওয়া শিশুরা হলো, রোহান (১০), সাজু (৮) ও জান্নাত (৫)।
রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. মোকতার হোসেন জানান, শিশুরা নিজেদের নাম বলতে পারলেও ঠিকানা ও পরিবারের বিস্তারিত তথ্য জানাতে পারেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদের পাচারের উদ্দেশ্যে কোথাও নেওয়া হতে পারে।
পুলিশ জানায়, শিশুদের দেওয়া তথ্য অনুযায়ী তারা কুর্মিটোলা রেলস্টেশন এলাকায় অবস্থান করছিল এবং সেখান থেকে কুড়িল হয়ে বাসে করে বাণিজ্য মেলা এলাকায় আসে। তবে কীভাবে বা কার সঙ্গে তারা সেখানে পৌঁছায়, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
উদ্ধারের পর শিশুদের নিরাপত্তার কথা বিবেচনা করে রূপগঞ্জ থানায় নেওয়া হয়। পরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে সমাজসেবা অধিদপ্তরের হেফাজতে তাদের দেওয়া হয়েছে।
পুলিশ ও সমাজসেবা সূত্র জানিয়েছে, শিশুদের পরিবারের পরিচয় শনাক্ত ও স্বজনদের খুঁজে বের করতে প্রয়োজনীয় তদন্ত ও অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি শিশুদের মানসিক ও শারীরিক সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।






























