
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ভোটগ্রহণ শেষ হওয়ার পর ভোটকেন্দ্র ও ব্যালট বাক্স পাহারা দেওয়ার জন্য নেতাকর্মী ও ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, কেউ যেন কোনোভাবে জালিয়াতি বা ষড়যন্ত্র করতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
রোববার (২৫ জানুয়ারি) রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় এক নির্বাচনি জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, তাহাজ্জুদের নামাজ আদায় করে সকাল সকাল ভোটকেন্দ্রে যেতে হবে এবং নির্ধারিত সময়ে ভোট দিতে হবে। ভোট দেওয়ার পর দায়িত্ব শেষ নয়, বরং ভোট শেষে কেন্দ্র ও ব্যালট বাক্স পাহারা দেওয়া আরও গুরুত্বপূর্ণ। ভোটের ফল যেন সঠিকভাবে প্রতিফলিত হয়, সেটি নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, প্রতিপক্ষের সমালোচনা করে সময় নষ্ট করার প্রয়োজন নেই। মানুষ জানতে চায় বিএনপি সরকার গঠন করলে কী করবে। সমালোচনা বা গিবত করলে মানুষের সমস্যার সমাধান হয় না।
বিএনপির চেয়ারম্যান বলেন, বিএনপির বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হচ্ছে। তবে এসব কথায় বিচলিত না হয়ে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাওয়াই দলের লক্ষ্য।
তিনি আরও বলেন, সম্প্রতি কিছু দল দাবি করছে বিএনপি নাকি মানুষকে ধোঁকা দিচ্ছে। এই অভিযোগ প্রত্যাখ্যান করে তারেক রহমান বলেন, মানুষকে ধোঁকা দিয়ে বিএনপির কোনো লাভ নেই। বিএনপি জনগণের রাজনীতি করে এবং শেষ পর্যন্ত জনগণের কাছেই ফিরে যেতে হয়।
সরকার গঠনের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে। যদিও পুরো মাসের বাজার খরচ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়নি, তবে সরকারে গেলে অন্তত ৭ থেকে ১০ দিনের সহায়তা দেওয়ার চেষ্টা থাকবে।
কৃষি কার্ড নিয়েও অপপ্রচারের অভিযোগ তুলে তিনি বলেন, চেষ্টা করাই অপরাধ হতে পারে না। যদি কোনো উদ্যোগ বাস্তবায়ন সম্ভব না হয়, তাহলে মানুষ তখন প্রশ্ন করতে পারবে।
সবশেষে তিনি বলেন, যাঁরা অভিজ্ঞতা ছাড়াই নানা মন্তব্য করছেন, তাদের কথাবার্তায় দেশের স্বার্থ রক্ষা হয় না।





























