
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: আগামী ২২ জানুয়ারি সিলেট সফরে যাবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। সেখানে তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন।
শনিবার (১০ জানুয়ারি) বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়।
ঢাকার একটি হোটেলে শনিবার সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, “সামনে নির্বাচন। আমি একটি রাজনৈতিক দলের সদস্য। স্বাভাবিকভাবেই আমরা ২২ তারিখ থেকে আমাদের সকল পরিকল্পনা নিয়ে জনগণের সামনে যাব।” তবে ভোট প্রচারণার বিস্তারিত কর্মসূচি তিনি এ সময় প্রকাশ করেননি।
জানা গেছে, ২১ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে। তারেক রহমান সিলেটে হযরত শাহজালাল ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণার সূচনা করবেন। এরপর সড়কপথে ঢাকায় ফেরার সময় বিভিন্ন স্থানে পথসভা ও জনসভায় অংশ নেবেন।
এরপর তিনি মৌলভীবাজারে একটি জনসভায় যোগ দেবেন এবং শ্রীমঙ্গলে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখবেন। ঐতিহ্যগতভাবেই বিএনপি হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করে।
এর আগে শুক্রবার (৯ জানুয়ারি) রাতে দলের স্থায়ী কমিটির এক জরুরি বৈঠকের পর তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর আপাতত স্থগিতের কথা জানানো হয়। সেই সঙ্গে এই দায়িত্বভার পুনরায় গ্রহণ করেন তারেক রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, উত্তরবঙ্গ সফরের নতুন সময়সূচি পরে জানানো হবে।





























