
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্তরা দেশের বাইরে আত্মগোপন করে থাকলেও তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা নেই বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।
তিনি স্পষ্ট করে বলেন, হত্যাকাণ্ডে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না এবং পলাতক আসামিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত র্যাবের অভিযান চলবে।
রোববার রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন র্যাব প্রধান।
তিনি জানান, গত ১২ ডিসেম্বর শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটে। ঘটনার পরপরই র্যাব অভিযান চালিয়ে চার দিনের মধ্যে আটজনকে গ্রেপ্তার করে এবং হত্যায় ব্যবহৃত দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। তবে মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ এখনো পলাতক রয়েছে।
র্যাব ডিজি বলেন, পলাতক আসামিদের ধরতে প্রযুক্তিনির্ভর নজরদারির পাশাপাশি মানব গোয়েন্দা সূত্রও ব্যবহার করা হচ্ছে। তাদের অবস্থান নিশ্চিত হওয়া মাত্রই প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার মাধ্যমে গ্রেপ্তার নিশ্চিত করা হবে।
তিনি আরও জানান, আমাদের হাতে একাধিক কার্যকর পথ আছে, কেউ যদি সীমান্ত পেরিয়ে বিদেশে পালিয়ে যায়, সেক্ষেত্রেও তাকে ফিরিয়ে আনার জন্য নির্দিষ্ট আইনি কাঠামো ও আন্তর্জাতিক সহযোগিতার ব্যবস্থা রয়েছে।
হাদি হত্যাকাণ্ডের ছায়া তদন্ত অব্যাহত থাকবে জানিয়ে র্যাব মহাপরিচালক বলেন, এই হত্যার নেপথ্যে যারা জড়িত ‘প্রকাশ্যে হোক বা আড়ালে’ সবাইকে আইনের আওতায় আনা হবে। অপরাধ দমনে র্যাব কোনো আপস করে না এবং ভবিষ্যতেও করবে না।





























