
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। তার শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার জুমার নামাজের পর তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের খোঁজখবর নেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় চিকিৎসকদের কাছ থেকেও তার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে জানতে চান প্রধানমন্ত্রী।
জানা গেছে, গত বুধবার ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস এবং কিছুক্ষণের মধ্যেই তিনি জ্ঞান হারান। পরে অবস্থার উন্নতি না হওয়ায় গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নিচ্ছেন। বৃহস্পতিবার রাতে হাসপাতালে যান জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি মির্জা আব্বাসের স্ত্রীর সঙ্গে কথা বলে তার শারীরিক অবস্থার বিষয়ে জানতে চান এবং তার সুস্থতার জন্য দোয়া করেন।
এ ছাড়া বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ আরও কয়েকজন নেতা হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের চিকিৎসা সংক্রান্ত খোঁজখবর নেন।
চিকিৎসকরা জানিয়েছেন, মির্জা আব্বাসের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।





























