
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: জাতীয় নির্বাচনের পর জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের আচরণে নেতিবাচক পরিবর্তন দেখা গেলে স্থানীয় সরকার নির্বাচনে জনগণ তার জবাব ব্যালটের মাধ্যমেই দেবে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
শুক্রবার দুপুরে মাদারীপুরের মোস্তফাপুর এলাকায় আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, গণঅভ্যুত্থান–পরবর্তী রাজনীতিতে সাধারণ মানুষ পরিবর্তন প্রত্যাশা করছে। জোরজবরদস্তি কিংবা খবরদারির রাজনীতি জনগণ আর মেনে নেবে না। জনগণ গণপ্রতিরোধের মধ্য দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেছে। ফলে কেউ যদি ক্ষমতা পেয়ে আচরণে পরিবর্তন আনে, তাহলে স্থানীয় নির্বাচনে ভোটের মাধ্যমেই তার জবাব দেওয়া হবে।
তিনি আরও বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা সরকারের অন্যতম লক্ষ্য। প্রতিটি নাগরিক মর্যাদা ও অধিকার নিয়ে বসবাস করবে এবং সবাই সমান সুযোগ পাবে। সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলো বাস্তবায়নে প্রশাসন ও জনগণের সমন্বিত ভূমিকা জরুরি।
সরকারি উন্নয়ন পরিকল্পনার প্রসঙ্গে তিনি জানান, প্রতিটি উপজেলায় খাল খননের জন্য তালিকা প্রস্তুত করা হচ্ছে, যাতে কৃষি উৎপাদন বাড়ানো যায়। পাশাপাশি ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করছে সরকার।
পথসভা শেষে স্থানীয় নেতাকর্মীরা প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।





























