
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই শহীদদের আত্মত্যাগকে ভুলে গেলে দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতার অনেক কিছুই টিকে থাকবে না। তিনি বলেন, জুলাইয়ের আত্মত্যাগ ভুলে গেলে যমুনা, নির্বাচন কিংবা সরকারের কোনো কিছুরই অস্তিত্ব থাকবে না।
শুক্রবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে খেলাফত মজলিস।
জামায়াত আমির বলেন, জুলাইয়ের শহীদদের রক্তের বিনিময়ে যে পরিবর্তনের পথ তৈরি হয়েছে, সেটিকে অস্বীকার করা বা ভুলে যাওয়া জাতির জন্য বিপজ্জনক হবে। কেউ যদি জুলাই শহীদদের আত্মত্যাগের সঙ্গে বেঈমানি করার চেষ্টা করে, তাহলে তা প্রতিহত করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। প্রয়োজনে জীবন দিয়েও জুলাইয়ের চেতনা ধরে রাখার কথা উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এনসিপি-সহ কয়েকটি দলের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ।
এদিকে অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এনসিপির নেতা সারজিস আলম বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।





























