
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বাল্যবিয়ে সংক্রান্ত বিতর্কের মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় উঠে এসেছে কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী সিমরিন লুবাবার ব্যক্তিগত জীবন। সম্প্রতি তার বাগদান নিয়ে নতুন তথ্য প্রকাশ্যে আসার পর বিষয়টি ঘিরে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
একটি ফেসবুক পোস্টের মাধ্যমে বাগদানের ইঙ্গিত দেন লুবাবা। তবে সেই পোস্টে বর-কনের পরিচয় স্পষ্ট না থাকায় কৌতূহল আরও বেড়ে যায়। পরে জানা যায়, তার বাগদান সম্পন্ন হয়েছে মাহমুদ বিন মুনির নামের এক প্রবাসী আলেমের সঙ্গে।
মুনির নিজেই বিষয়টি নিশ্চিত করে জানান, দুই পরিবারের সম্মতিতে ঘরোয়া পরিবেশে বাগদান সম্পন্ন হয়েছে। তিনি আরও বলেন, নির্ধারিত সময় অনুযায়ী আইন মেনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে এবং এ বিষয়ে সবাইকে দোয়া করার অনুরোধ জানান।
জানা গেছে, মাহমুদ বিন মুনির বর্তমানে কুয়েতে বসবাস করছেন এবং সেখানে ব্যবসার সঙ্গে যুক্ত আছেন। তিনি ধর্মীয় শিক্ষাও সম্পন্ন করেছেন বলে জানা যায়।
অন্যদিকে, সিমরিন লুবাবা ছোটবেলা থেকেই মিডিয়ার পরিচিত মুখ। শিশু শিল্পী হিসেবে অভিনয় শুরু করে ধীরে ধীরে জনপ্রিয়তা পান তিনি। তবে গত বছর তিনি বিনোদন জগৎ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এবং ব্যক্তিগত জীবনে পরিবর্তন আনার কথা জানান।
তার এই বাগদান নিয়ে সামাজিক মাধ্যমে যেমন প্রশংসা হচ্ছে, তেমনি চলছে নানা আলোচনা-সমালোচনাও।






























