
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ দেশে ফিরিয়ে আনতে সরকার ১৩টি দেশের কাছে মোট ২৩টি পারস্পরিক আইনি সহায়তার (মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স) অনুরোধ পাঠিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, এসব আইনি প্রক্রিয়ার মধ্যে বেশ কয়েকটি চুক্তি ইতোমধ্যে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
প্রধানমন্ত্রী বলেন, অতীতের শাসনামলে আর্থিক খাত, বিশেষ করে ব্যাংকিং খাতে নানা অনিয়ম ও অর্থপাচারের কারণে মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাই বর্তমান বাজেটের অন্যতম লক্ষ্য হচ্ছে দেশের আর্থিক খাতে শৃঙ্খলা ও আস্থা ফিরিয়ে আনা।
তিনি জানান, বিদেশে পাচার হওয়া সম্পদ উদ্ধারে সরকার শুধু আইনি অনুরোধই পাঠায়নি, বরং ক্ষতিগ্রস্ত ১৫টিরও বেশি ব্যাংক আন্তর্জাতিক সম্পদ পুনরুদ্ধারকারী প্রতিষ্ঠানের সঙ্গে ৬০টির বেশি গোপনীয়তা চুক্তি (নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট) স্বাক্ষর করেছে।
বিরোধীদলীয় নেতার সহযোগিতার প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার সব ধরনের সহযোগিতা গ্রহণে প্রস্তুত।
তিনি আরও বলেন, বাংলাদেশ এবং আন্তর্জাতিক আইনের আওতায় যত দ্রুত সম্ভব বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ দেশে ফিরিয়ে আনার জন্য সরকার প্রয়োজনীয় সব উদ্যোগ অব্যাহত রাখবে।




























