
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। একুশের প্রথম প্রহর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারসহ দেশের বিভিন্ন শহীদ মিনারে মানুষের ঢল নামে।
দিবাগত রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান স্বপরিবারে শহীদ মিনারে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদনের পর তিনি ভাষাশহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এরপর প্রধান বিচারপতি, তিন বাহিনীর প্রধান, মন্ত্রিপরিষদের সদস্য, বিরোধী দলীয় নেতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বিদেশি কূটনীতিক, বীর মুক্তিযোদ্ধা, উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারাও শ্রদ্ধা নিবেদনে অংশ নেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কর্মসূচি সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়। বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে উপাচার্য, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ভাষাশহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।
সকাল থেকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন, শিক্ষার্থী ও সাধারণ মানুষ দলে দলে শহীদ মিনারে এসে শ্রদ্ধা জানান। অনেককে কালো ব্যাজ ধারণ করতে এবং প্রভাতফেরিতে অংশ নিতে দেখা যায়।
শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং বিভিন্ন সময়ে দেশের জন্য আত্মত্যাগকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মাতৃভাষার মর্যাদা রক্ষায় ভাষাশহীদদের আত্মত্যাগ স্মরণ করে দিনটি জাতির ইতিহাসে গভীর আবেগ ও সম্মানের সঙ্গে পালিত হয়েছে।




























