
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: দিনাজপুরের কাহারোল উপজেলায় ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছে দুই মাদ্রাসা শিক্ষার্থী। তাদের কোনো খোঁজ না মেলায় চরম উৎকণ্ঠা ও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা।
নিখোঁজ শিক্ষার্থীরা হলেন কাহারোল উপজেলার চকপ্রাণকৃষ্ণ গ্রামের মতিউর রহমানের ছেলে মো. মঈনউদ্দিন (১৪) এবং ফেরুয়াডাঙ্গা গ্রামের সাইদুল ইসলামের ছেলে মো. সিয়াম হোসেন (১৫)। তারা স্থানীয় রসুলপুর দারুল হুদা সালাফিয়্যাহ কওমিয়্যাহ মাদ্রাসার শিক্ষার্থী।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, গত ৬ জুলাই দুপুরে বিশ্রামের সময় দুই শিক্ষার্থী মাদ্রাসা থেকে বাইরে যায়। এরপর তারা আর ফিরে আসেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
ঘটনার পর মাদ্রাসা কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকে কাহারোল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর থেকে পুলিশ তাদের উদ্ধারে কাজ করছে।
কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুর রহমান সেলিম জানান, নিখোঁজ দুই শিক্ষার্থীকে উদ্ধারে পুলিশের অনুসন্ধান অব্যাহত রয়েছে এবং সম্ভাব্য সব দিক গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
এদিকে ১৭ দিন পার হলেও সন্তানদের কোনো খোঁজ না পাওয়ায় দুই পরিবারের সদস্যরা অসহায় হয়ে পড়েছেন। দ্রুত তাদের সন্ধান পাওয়ার জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন স্বজনরা।




























