
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন ও ইসরাইলি বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটির ধর্মীয় নগরী কোমে অবস্থিত জামকারান মসজিদের গম্বুজের ওপর লাল পতাকা উত্তোলন করা হয়েছে। এই পদক্ষেপকে প্রতিশোধের প্রতীকী ঘোষণা হিসেবে দেখা হচ্ছে।
ইরানি গণমাধ্যম জানিয়েছে, লাল পতাকা ঐতিহাসিকভাবে শহীদদের রক্তের প্রতিশোধ এবং কঠোর জবাবের অঙ্গীকারের প্রতীক। রাষ্ট্র পরিচালিত প্রেস টিভি বলেছে, এই পতাকা ইসলামী বিপ্লবের নেতার রক্তপাতের প্রতিক্রিয়ার প্রতীক হিসেবে উত্তোলন করা হয়েছে।
অনুষ্ঠানে মসজিদের দায়িত্বশীল ব্যক্তিরা ও ধর্মগুরুরা অংশ নেন এবং খামেনির প্রতিকৃতি বহন করা হয়। স্থানীয় বিশ্লেষকদের মতে, এটি দেশের ভেতরে সমর্থকদের ঐক্যবদ্ধ রাখা এবং বাইরের প্রতিপক্ষকে কঠোর বার্তা দেওয়ার একটি প্রতীকী উদ্যোগ।
এর আগে ২০২০ সালের জানুয়ারিতে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলাইমানি মার্কিন হামলায় নিহত হওয়ার পর একই মসজিদে লাল পতাকা উত্তোলন করা হয়েছিল। তখনও এটিকে প্রতিশোধের প্রতীক হিসেবে দেখা হয়।
বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে কোমের এই পতাকা উত্তোলন মধ্যপ্রাচ্যের চলমান সংকটে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
























