
আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি ডেস্ক: দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণ ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ সমন্বয়ে প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৪৩২ টাকা এবং রুপার দাম ৫৮ টাকা কমানোর ঘোষণা দিয়েছে। শুক্রবার (১২ জুন) থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও বিশুদ্ধ রুপার মূল্য কমে যাওয়ায় নতুন দর নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকায়। ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৮ হাজার ৪৩৬ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণ ১ লাখ ৭৮ হাজার ৬৯২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৪৫ হাজার ৫০৮ টাকায়।
অন্যদিকে ২২ ক্যারেট রুপার দাম প্রতি ভরি ৪ হাজার ৮৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেট রুপা ৪ হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেট রুপা ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৯৭৪ টাকায়।
বাজুসের তথ্যমতে, চলতি বছরে এখন পর্যন্ত ৭৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৭ বার দাম বেড়েছে এবং ৩৬ বার কমেছে। একই সময়ে রুপার দাম ৪৪ বার সমন্বয় করা হয়েছে, যেখানে ২২ বার বেড়েছে এবং ২২ বার কমেছে।
বিশ্ববাজার ও স্থানীয় কাঁচামালের দামের ওঠানামার প্রভাবেই দেশের বাজারে স্বর্ণ ও রুপার দামে ধারাবাহিক পরিবর্তন হচ্ছে।


























