
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের একটি সংবাদমাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হওয়ার দাবি করা হয়েছে। তবে এ দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহত হয়েছেন। একই প্রতিবেদনে আরও বলা হয়েছে, হামলার সময় ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির আহত হয়েছেন।
প্রতিবেদনটি মূলত জাতিসংঘের সাবেক অস্ত্র পরিদর্শক স্কট রিটার-এর নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টের ওপর ভিত্তি করে প্রকাশ করা হয়েছে। সেখানে দাবি করা হয়, নেতানিয়াহুর সরকারি বাসভবনে হামলার সময় তিনি নিহত হন। তবে যে অ্যাকাউন্ট থেকে পোস্টটি করা হয়েছে সেটি সত্যিই স্কট রিটারের কিনা, নাকি ভুয়া, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় কোনো ছবি বা স্পষ্ট প্রমাণও প্রকাশ করা হয়নি। বরং প্রতিবেদনে কিছু পরিস্থিতিগত বিষয় তুলে ধরা হয়েছে। যেমন সাম্প্রতিক সময়ে নেতানিয়াহুর নতুন ভিডিও প্রকাশ না হওয়া, তার বাসভবনের আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং কয়েকজন পশ্চিমা কর্মকর্তার সফর ও ফোনালাপের তথ্য।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। সর্বশেষ পাওয়া তথ্যে জানা গেছে, গত ৭ মার্চ নেতানিয়াহু দক্ষিণ ইসরায়েলের শহর বিয়ারশেবা এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় আহতদের দেখতে গিয়েছিলেন।
উল্লেখ্য, এটি প্রথমবার নয়। এর আগেও গত ২ মার্চ ইরানের কিছু গণমাধ্যম নেতানিয়াহুর মৃত্যুর দাবি করেছিল। পরে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়াসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সেই দাবিকে গুজব বলে উল্লেখ করে।
সূত্র: জেরুজালেম পোস্ট


























