
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আটজনের নাম উল্লেখ করে এবং আরও ২০-২৫ অজ্ঞাতনামা ব্যক্তিকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় পুলিশ ও সূত্রের তথ্য অনুযায়ী, কার্যালয়ে হামলার পেছনে জমি-সংক্রান্ত বিরোধ কাজ করেছে। উভয় পক্ষের মধ্যে সোমবার (৯ মার্চ) দুপুরে মারামারি শুরু হয়। অভিযোগে বলা হয়েছে, হামলাকারীরা লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে প্রবেশ করে কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করে এবং কয়েকজনকে আহত করে।
হামলাকারীরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ভাঙচুর ও পদদলিত করেছে। লিখিত অভিযোগে হামলাকারীদের মধ্যে কয়েকজনকে স্থানীয় আওয়ামী লীগের সমর্থিত সন্ত্রাসী হিসেবে উল্লেখ করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানিয়েছেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন। প্রাথমিকভাবে এটি জমি-সংক্রান্ত বিরোধের সঙ্গে যুক্ত বলে ধারণা করা হচ্ছে।



























