
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্কঃ জাতির উদ্দেশে দেওয়া প্রথম দিকের ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জনগণের মনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনা বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার।
বুধবার রাতে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সম্প্রচারিত ভাষণে তিনি বলেন, নতুন সরকার একটি চ্যালেঞ্জপূর্ণ বাস্তবতায় দায়িত্ব গ্রহণ করেছে। দুর্বল অর্থনীতি, অবনতিশীল আইনশৃঙ্খলা ও দীর্ঘদিনের অনিয়ম দূর করে সুশাসন প্রতিষ্ঠা করাই এখন লক্ষ্য।
প্রধানমন্ত্রী জানান, জুয়া ও মাদকের বিস্তার আইনশৃঙ্খলার অবনতির অন্যতম কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। এসব নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে রাষ্ট্র পরিচালনায় আইনের শাসন নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
রমজান মাসকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানিয়ে তিনি ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা থেকে বিরত থাকার অনুরোধ করেন। ইফতার, তারাবি ও সাহরির সময় গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, কৃচ্ছ্রতা চর্চা শুধু অর্থনৈতিক প্রয়োজন নয়, এটি নৈতিক দায়িত্বও। সরকারি পর্যায়ে অপচয় কমাতে মন্ত্রী ও সংসদ সদস্যদের কিছু বিশেষ সুবিধা না নেওয়ার সিদ্ধান্তের কথাও তুলে ধরেন তিনি।
রাজধানীসহ বড় শহরগুলোতে যানজট ও জনদুর্ভোগ কমাতে রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও সমন্বিত পরিবহন পরিকল্পনার কথাও ভাষণে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তরের ওপর জোর দিয়ে তিনি বলেন, প্রযুক্তিনির্ভর বিশ্বে টিকে থাকতে শিক্ষা ও দক্ষতা উন্নয়ন জরুরি। কর্মসংস্থান সৃষ্টি ও অনুকূল কর্মপরিবেশ গড়তে সরকার কাজ শুরু করেছে।
সবশেষে দল-মত-ধর্ম নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি সবার সহযোগিতা কামনা করেন।


























