
আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি ডেস্ক: দেশের বাজারে আজ শুক্রবার (২ জানুয়ারি) থেকে স্বর্ণ নতুন দামে বিক্রি শুরু হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমায় ভরিতে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দামের অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২২ হাজার ৭২৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের ভরি দাম নির্ধারিত হয়েছে ২ লাখ ১২ হাজার ৬৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫১ হাজার ৮০৭ টাকা।
বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকারি ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি অবশ্যই যুক্ত করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির পরিমাণ কিছুটা পরিবর্তিত হতে পারে।
গত ৩১ ডিসেম্বরেও স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, তখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, অর্থাৎ এবার টানা তিন দফায় স্বর্ণের দাম কমেছে।
এছাড়া স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে রুপার দামে পরিবর্তন আনা হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৫৪০ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ৩০৭ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
২০২৫ সালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল মোট ৯৩ বার, যার মধ্যে ৬৪ বার দাম বৃদ্ধি পেয়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।



























