
আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি ডেস্ক: টানা দুই দিন দাম বেড়ানোর পর বিশ্ববাজারে স্বর্ণের দাম নতুন করে কমেছে। একই সময়ে রূপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও নিম্নমুখী।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্পট মার্কেটে স্বর্ণের দাম এক শতাংশ কমে প্রতি আউন্স ৪,৪৭৬.৫১ ডলারে নেমেছে। এপ্রিল মাসের ডেলিভারির মার্কিন স্বর্ণের ফিউচার দাম ২.১ শতাংশ কমে ৪,৪৫৭ ডলারে এসেছে।
বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনের সম্ভাবনা এবং রাজনৈতিক অস্থিরতার প্রভাব বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানে রাখছে। ক্যাপিটাল ডট কমের সিনিয়র বাজার বিশ্লেষক কাইল রড্ডা বলেন, আগামী ২৪-৪৮ ঘণ্টায় স্বর্ণের দাম মূলত মধ্যপ্রাচ্য সংক্রান্ত খবরের ওপর নির্ভর করবে।
বিশ্ববাজারে অন্যান্য ধাতুর দামও কমেছে। স্পট রুপার দাম ১.৯ শতাংশ কমে প্রতি আউন্স ৬৯.৯০ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম ১.৪ শতাংশ কমে ১,৮৯৩.৬০ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ২ শতাংশ কমে ১,৩৯৪.৮৩ ডলারে দাঁড়িয়েছে।
দেশের বাজারেও দাম কমার সম্ভাবনা রয়েছে। সম্প্রতি টানা ছয় দফায় দেশের বাজারে স্বর্ণের দাম মোট ২৮,৯৮৫ টাকা কমানো হয়েছে। এখন প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ২,৪১,৪৪৫ টাকায়, ২১ ক্যারেটের ২,৩০,৪৮১ টাকায়, ১৮ ক্যারেটের ১,৯৭,৫৩০ টাকায় এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১,৬০,৯০৫ টাকায়।
সূত্র: রয়টার্স




























