
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: পাইলট প্রকল্প হিসেবে আসন্ন রমজান মাসেই ফ্যামিলি কার্ড চালু হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
বৃহস্পতিবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ের এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, নির্বাচনি ইশতেহারে ফ্যামিলি কার্ডের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। এটি কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।
তিনি জানান, ফ্যামিলি কার্ড কর্মসূচি সার্বজনীনভাবে চালুর পরিকল্পনা রয়েছে। তবে শুরুতে একটি কমিটির মাধ্যমে ধাপে ধাপে কার্যক্রম বাস্তবায়ন করা হবে। প্রথমে হতদরিদ্র পরিবার, পরে দরিদ্র এবং পর্যায়ক্রমে মধ্যবিত্ত পরিবারগুলো এই কার্ডের আওতায় আসবে।
রমজানেই প্রকল্পটি শুরু হচ্ছে কি না জানতে চাইলে পরিবেশমন্ত্রী বলেন, ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে এটি চালু করার প্রস্তুতি রয়েছে। প্রধানমন্ত্রী চান, অন্তত ঈদের আগে পরীক্ষামূলকভাবে কর্মসূচিটি শুরু হোক।
ফ্যামিলি কার্ড চালু নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, এখন মূলত এর কার্যপ্রণালি ও বাস্তবায়ন কাঠামো ঠিক করার কাজ চলছে। সরকার সময়মতো এই কর্মসূচি চালু করতে আন্তরিকভাবে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।


























