
আওয়ার টাইমস নিউজ।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্র তাদের সামরিক লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে এবং এর জন্য স্থল সেনা মোতায়েনের প্রয়োজন হবে না।
শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ফ্রান্সে জি-৭ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে যুক্তরাষ্ট্রে ফেরার আগে এই মন্তব্য করেন তিনি।
রুবিও জানান, ইরানকে ঘিরে চলমান অভিযানে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তার ভাষায়, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা ধ্বংস করাই এই অভিযানের প্রধান লক্ষ্য, এবং সেই লক্ষ্য অর্জনের পথে তারা অনেকটাই এগিয়ে রয়েছে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র স্থল সেনা পাঠানো ছাড়াই এই লক্ষ্যগুলো অর্জন করতে পারবে। এছাড়া তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই সামরিক অভিযান দীর্ঘস্থায়ী হবে না; বরং কয়েক সপ্তাহের মধ্যেই এর সমাপ্তি ঘটতে পারে।
রুবিও আরও জানান, মধ্যপ্রাচ্যে অতিরিক্ত মার্কিন সেনা পাঠানো হয়েছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, এটি যুদ্ধ আরও বিস্তৃত করার উদ্দেশ্যে নয়। বরং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন প্রয়োজন অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন, সে লক্ষ্যেই এই প্রস্তুতি নেওয়া হয়েছে।
এছাড়া তিনি উল্লেখ করেন, যুদ্ধ শেষে হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল নিরাপদ রাখা শুধু যুক্তরাষ্ট্রের একার দায়িত্ব নয়। এ ক্ষেত্রে ইউরোপ ও এশিয়ার দেশগুলোকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।



























