আওয়ার টাইমস নিউজ
আন্তর্জাতিক ও প্রবাস ডেস্ক: ইউরোপের স্বপ্নের দেশ ইতালিতে ২০২৭ সালের কর্মী নিয়োগের জন্য অনলাইনে আবেদনপত্র পূরণের চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে আগামী ৭ ডিসেম্বর। তবে নির্ধারিত এই সময়ের পরও অসম্পূর্ণ আবেদন সম্পন্ন এবং প্রয়োজনীয় তথ্য সংশোধনের জন্য নিয়োগকর্তাদের বিশেষ সুযোগ দেওয়া হয়েছে। এ লক্ষ্যে আগামী ৯ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত সীমিত সময়ের জন্য পুনরায় উন্মুক্ত করা হবে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনলাইন পোর্টাল।
ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ২০২৭ সালের কর্মী নিয়োগের আবেদনপত্র পূরণের প্রক্রিয়া শুরু হয়েছে গত ২৩ অক্টোবর। আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত নিয়োগকর্তারা অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন, যা বাংলাদেশ সময় ৮ ডিসেম্বর রাত ১টায় শেষ হবে। এরপর ৯ ডিসেম্বর বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে ১৪ ডিসেম্বর রাত ১টা পর্যন্ত পোর্টালটি আবারও চালু থাকবে। তবে দ্বিতীয় দফায় কেবল সেই সব নিয়োগকর্তারাই তথ্য যুক্ত বা সংশোধন করতে পারবেন, যাঁরা আগে থেকেই আবেদনপত্র পূরণ শুরু করেছিলেন। এ সময়ে নতুন কোনো আবেদন তৈরির সুযোগ থাকবে না।
আবেদন জমার চারটি ধাপ ও সময়সূচি:
আবেদনপত্র পূরণ করলেই তা চূড়ান্তভাবে জমা হবে না; বরং কাজের ধরন অনুযায়ী ইতালি সরকার নির্ধারিত চারটি আলাদা দিনে অনলাইনে আবেদন জমা দিতে হবে। নির্ধারিত সূচি অনুযায়ী,
১২ জানুয়ারি ২০২৭: কৃষি খাতের মৌসুমি কর্মীদের আবেদন জমা নেওয়া হবে।
৯ ফেব্রুয়ারি ২০২৭: পর্যটন খাতের মৌসুমি কর্মীদের জন্য নির্ধারিত দিন।
১৬ ফেব্রুয়ারি ২০২৭: অমৌসুমি (Non-seasonal) চাকরির আবেদন জমা দেওয়া যাবে।
১৮ ফেব্রুয়ারি ২০২৭: পারিবারিক পরিচর্যার কাজের জন্য আবেদন জমা নেওয়া হবে।
প্রতিটি নির্ধারিত দিনে বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে আবেদন জমা দেওয়ার কার্যক্রম শুরু হবে।
কারা আবেদন করবেন ও কোটা সংখ্যা:
ইতালিতে বিদেশি কর্মী নিয়োগের অনুমতির আবেদন সরাসরি কোনো কর্মীকে করতে হবে না। এই প্রক্রিয়ায় আবেদন করবেন ইতালির নিয়োগকর্তা নিজে অথবা অনুমোদিত পেশাজীবী ও সংশ্লিষ্ট সংগঠনের সহায়তায়। বিদেশি কর্মীরা সরাসরি কাজের অনুমতির আবেদন করতে পারবেন না।
উল্লেখ্য, ইতালি সরকারের ২০২৭ সালের কর্মী নিয়োগ পরিকল্পনায় মোট ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী নেওয়ার অনুমোদন রয়েছে। এর মধ্যে ৭৬ হাজার ২০০ জন অমৌসুমি চাকরিতে, ৮৯ হাজার জন মৌসুমি কাজে এবং ৬৫০ জন স্বনিয়োজিত কাজে নিয়োগের সুযোগ পাবেন। নির্ধারিত খাতের জন্য কোটা বরাদ্দ থাকা সাপেক্ষে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে।
সূত্র: আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

