
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ খতিয়ে দেখতে উচ্চ আদালতে রিট করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর মগবাজারে জোটের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে নির্বাচনের ফলাফলে জালিয়াতি, ভোটকেন্দ্র দখল ও অন্যান্য অনিয়মের বিষয় আলোচনা করা হয়। জোটের লিয়াজোঁ কমিটির মিডিয়া সমন্বয়ক এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, নির্বাচনের পর গেজেট প্রকাশের কারণে যেসব আসনে কারচুপি হয়েছে, সেখানে প্রার্থীরা পুনর্গণনার সুযোগ পাননি। এই বিষয়গুলো নিষ্পত্তির জন্য হাইকোর্টে রিট করা হবে।
বৈঠকে আগামীতে সংসদে ও সংসদের বাইরে ১১ দলীয় ঐক্য হিসেবে সম্মিলিতভাবে ভূমিকা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া জুলাই সনদ বাস্তবায়নের জন্য ১৮০ দিনের মধ্যে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়ার পরিকল্পনাও বৈঠকে উঠে এসেছে।
নির্বাচনের আগে ও পরে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীদের ওপর সহিংসতার নিন্দা জানিয়ে, সহিংসতা বন্ধ না হলে জনগণকে সঙ্গে নিয়ে মাঠে নামার প্রস্তুতির কথাও বৈঠকে বলা হয়। এছাড়া জোট সকলকে ফ্যাসিবাদীদের সঙ্গে আঁতাত না করতে এবং গণতান্ত্রিক ধারায় রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে আহ্বান জানিয়েছে।





























