
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: সৌদি আরবের আবহা শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে লক্ষ্মীপুরের চারজন সদস্য, দুই শিশু ও মা-বাবাও রয়েছেন।
নিহতরা হলেন: মোহনা (১৩), সুবাহ (১.৫), মেহের আফরোজ সুমী (৩০), মিজানুর রহমান (৪২) এবং বাবর (৩০)। দুর্ঘটনায় আহত পরিবারের আরেক কন্যা ফাইজা আক্তার (১১) মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবারের ব্যবসায়ী সদস্য বাহারুল আলম জানান, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে সৌদি আরবের আবহা শহরে হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। চলতি মাসের ৩ ফেব্রুয়ারি তিনি স্ত্রী ও তিন কন্যাকে নিয়ে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে গিয়েছিলেন।
নিহতের মামাত ভাই রিফাতুল ইসলাম বলেন, পার্শ্ববর্তী গ্রামের প্রবাসী পারভেজ ভূইয়ার মাধ্যমে আমরা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছি।
রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দীন চৌধুরী জানান, লাশ দেশে আনার বিষয়ে সিদ্ধান্ত হলে তারা পুরো সহযোগিতা প্রদান করবেন।






























