
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তী সরকারের দায়িত্বকাল শেষ হওয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। বিদায় মুহূর্তে আবেগাপ্লুত হয়ে পড়েন উপদেষ্টা। এ সময় মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।
বিদায়ের সময় উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, দায়িত্ব শেষ করে এখন ব্যক্তিগত জীবনে ফিরে যাচ্ছেন। সামনে লেখালেখির কাজে মনোযোগ দেওয়ার ইচ্ছার কথাও জানান তিনি। সেই সুবাদে ভবিষ্যতে গণমাধ্যমের সঙ্গে আবারও যোগাযোগ হতে পারে বলে উল্লেখ করেন।
দায়িত্ব পালনকালে কোনো অপূর্ণতা বা আক্ষেপ আছে কি না, এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, ভালো-মন্দ মিলিয়েই এই অভিজ্ঞতা। সবকিছু মিলিয়ে এটি একটি গুরুত্বপূর্ণ সময় ছিল।
এরপর মন্ত্রণালয় প্রাঙ্গণে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে স্মৃতিচারণমূলক ফটোসেশনে অংশ নেন তিনি। নতুন সরকার শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের মেয়াদ শেষ হচ্ছে।





























