
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে সরকার মাত্র তিন সপ্তাহের মধ্যে ফ্যামিলি কার্ড পাইলট প্রকল্প শুরু করতে যাচ্ছে। প্রথম পর্যায়ে ৩৭,৫৬৭ জন নারী এই কার্ডের মাধ্যমে মাসে ২,৫০০ টাকা করে ভাতা পাবেন।
মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর বনানী টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানের উদ্বোধন করবেন। উদ্বোধনের সঙ্গে সঙ্গে দেশের নির্বাচিত নারীরা ব্যাংক হিসাব বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ভাতা পেতে শুরু করবেন।
প্রাথমিকভাবে ঢাকার কড়াইল ও ভাসানটেক বস্তি, রাজবাড়ীর পাংশা, চট্টগ্রামের পটিয়া, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরসহ দেশের ১৪টি স্থানে প্রকল্পটি চালু হচ্ছে। নির্বাচিত নারীরা অন্য কোনো ভাতা বা সুবিধা না পেলেও পরিবারের অন্য সদস্যের সুবিধা বহাল থাকবে।
পাইলট প্রকল্পের আওতায় দেশের ১৩ জেলার ১৩টি সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে কার্যক্রম পরিচালিত হচ্ছে। ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত কমিটি বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক অবস্থা, সদস্য সংখ্যা, শিক্ষা, বাসস্থান, গৃহস্থালিসামগ্রী ও রেমিট্যান্স প্রবাহসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করেছেন। পরে তথ্য যাচাই-বাছাই শেষে ৩৭,৫৬৭ জন নারীপ্রধান পরিবারকে ভাতার জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন জানান, ভাতাপ্রাপ্তরা পাইলট পর্যায়ে মাসিক ২,৫০০ টাকা পাবেন এবং পরে সমমূল্যের খাদ্যপণ্য সহায়তা প্রদানের বিষয়টি বিবেচনা করা হবে।





























