
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জুলাই সনদকে উপেক্ষা করে কোনো রাজনৈতিক দল বাংলাদেশে দীর্ঘদিন টিকে থাকতে পারবে না। তিনি বলেন, যদি বিএনপি জনগণের প্রত্যাশা উপেক্ষা করে রাজনীতি করতে চায়, তাহলে দেশের মানুষ তা মেনে নেবে না।
বৃহস্পতিবার পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষায় বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সারজিস আলম বলেন, জুলাই সনদ অনুযায়ী জাতীয় সংসদে স্পিকার সরকারি দল থেকে হলেও ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবে সেই নীতির প্রতিফলন দেখা যায়নি। তিনি উল্লেখ করেন, ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামালকে দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি বিএনপি সমর্থিত সংসদ সদস্য।
তিনি আরও বলেন, সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়িয়েছেন রাষ্ট্রপতি। তার দাবি, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের পর যে নতুন রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে জনগণের প্রত্যাশা ছিল ভিন্ন ধরনের রাজনৈতিক চর্চা। কিন্তু আগের স্বৈরাচারী ধারা অনুসরণ করলে তা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না।
এনসিপির এই নেতা বলেন, যদি কোনো দল ক্ষমতার স্বার্থে জনগণের মতামত উপেক্ষা করে স্বৈরাচারী পথে হাঁটে, তাহলে জনগণ এবং বিরোধী রাজনৈতিক শক্তি একসঙ্গে তা প্রতিরোধ করবে। তিনি আরও বলেন, সংসদের প্রথম অধিবেশনেই তারা রাষ্ট্রপতির অভিশংসনের দাবি তুলেছেন।





























