
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, কোনো দল যদি ক্ষমতার মোহে পড়ে স্বৈরাচারের পথে চলার চেষ্টা করে, তাহলে বাংলাদেশের জনগণ এবং বিরোধী দল একসঙ্গে তাদের প্রতিরোধ করবে।
বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় সরকারি অডিটরিয়ামে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, গণভোটে জনগণ স্পষ্টভাবে ‘হ্যাঁ’ ভোট দিয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার বিচার এবং বিভিন্ন সংস্কার কার্যকর করতে হবে। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে উপেক্ষা করে যদি সরকার জনগণের বিপক্ষে রাজনীতি চালাতে চায়, তা কখনোই দীর্ঘস্থায়ী হবে না।
তিনি আরও উল্লেখ করেন, জুলাই সনদ ভঙ্গের মধ্য দিয়ে বিএনপি যাত্রা শুরু করেছে এবং জনগণের কাছে তারা সঠিক বার্তা দিতে পারেনি। এছাড়া, স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়িয়েছে ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতি। এই পরিস্থিতিতে বিএনপি কার্যত স্বৈরাচার সরকারের লেজ ধরে কার্যক্রম শুরু করেছে, যা আমাদের গভীরভাবে মর্মাহত করেছে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ সুষ্ঠু হয়েছিল, তবে কিছু নির্বাচনী আসনে পরিকল্পিত ইলেকশন ইঞ্জিনিয়ারিং দেখা গেছে। তিনি সতর্ক করে বলেন, স্থানীয় নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং করার সুযোগ দেওয়া হবে না।
সারজিস আলম যোগ করেন, বিএনপি নেতাকর্মীরা নির্বাচনী সময় ফলাফল প্রভাবিত করার চেষ্টা করেছেন। এবার ১১ দলীয় জোট স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করবে, তবে কোনো ইঞ্জিনিয়ারিং হতে দেওয়া হবে না।





























