
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, দীর্ঘদিন ধরে চলা যুদ্ধ পরিস্থিতি ও উত্তেজনার অবসানে যুক্তরাষ্ট্রের দেওয়া ১৫ দফা শর্তের বেশিরভাগই ইরান মেনে নিয়েছে।
তিনি জানান, আলোচনা সরাসরি এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে চলছে এবং তা ইতিবাচকভাবে এগোচ্ছে। ট্রাম্পের ভাষায়, “তারা আমাদের বেশিরভাগ শর্ত মেনে নিয়েছে, কেন নেবে না?
সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় ট্রাম্প আরও দাবি করেন, ইরান আন্তরিকতার অংশ হিসেবে তেল পাঠানোর প্রস্তাব দিয়েছে। তিনি বলেন, “তারা আমাদের ২০টি জাহাজভর্তি তেল উপহার দিয়েছে, যা শিগগিরই পাঠানো শুরু হবে।
আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ১৫ দফা শর্তের মধ্যে রয়েছে ইরানের প্রতিরক্ষা সক্ষমতায় সীমাবদ্ধতা আরোপ, আঞ্চলিক বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর প্রতি সমর্থন বন্ধ করা এবং ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া।
তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো আলোচনা চলমান রয়েছে বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, এই ধরনের অগ্রগতি যদি সত্যি হয়, তাহলে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের গতিপথে বড় পরিবর্তন আসতে পারে। তবে এখনো পর্যন্ত দুই দেশের পক্ষ থেকে চূড়ান্ত কোনো চুক্তি নিশ্চিত করা হয়নি।
সূত্র: আন্তর্জাতিক সংবাদ মাধ্যম





























