
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান আলোচনার মধ্যেই নতুন মোড়, ইরানের স্থগিত থাকা সম্পদ ছাড়ের বিষয়ে নীতিগতভাবে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। ইরানি প্রতিনিধিদলের ঘনিষ্ঠ সূত্রের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
সূত্রের দাবি, সম্পদ ছাড়ের এই আশ্বাস পাওয়ার পরই আলোচনায় সক্রিয়ভাবে অংশ নেয় ইরান। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ওয়াশিংটন।
এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, একটি মার্কিন যুদ্ধজাহাজ সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে হরমুজ প্রণালি অভিমুখে অগ্রসর হলে তা ইরানের সশস্ত্র বাহিনীর নজরদারির মধ্যে পড়ে। এই তথ্য দ্রুত পাকিস্তানে অবস্থানরত ইরানি আলোচক দলকে জানানো হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, একই সময়ে মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সাংবাদিক বারাক রাভিদ উল্লেখ করেন, মার্কিন যুদ্ধজাহাজগুলো ইতোমধ্যে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। তবে ইরানের তাসনিম বার্তা সংস্থা একটি অজ্ঞাত সূত্রের বরাতে এ দাবি অস্বীকার করেছে।
বিশ্লেষকদের মতে, সম্পদ ছাড়ের সম্ভাবনা আলোচনায় একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। তবে একই সঙ্গে সামরিক উপস্থিতি ও পরস্পরবিরোধী তথ্য পরিস্থিতিকে এখনো জটিল করে রেখেছে।
সূত্র: আল জাজিরা, বিবিসি





























