
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক সুরক্ষা কর্মসূচিকে গুরুত্ব দিয়ে প্রণীত বাজেটকে ‘চানাচুর’ বা ‘গণবিরোধী’ বলে সমালোচনা করার প্রবণতার সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান।
বুধবার (১৭ জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গল-এ ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী প্রচারণার সময় চা-শ্রমিক পরিবারসহ নিম্ন আয়ের মানুষের জন্য বিশেষ সহায়তা কর্মসূচি চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সরকার দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ের মধ্যেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। তিনি জানান, ফ্যামিলি কার্ডের মাধ্যমে উপকারভোগী পরিবারগুলো বিভিন্ন ধরনের সরকারি সহায়তা পাবে।
বক্তব্যে তিনি আরও বলেন, দেশের উন্নয়নকে টেকসই করতে নারী ও পুরুষ উভয়কেই সমানভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করতে হবে। নারীদের স্বাবলম্বী করা ছাড়া সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।
বাজেট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, নতুন বাজেটে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, শিক্ষার্থীদের খেলাধুলা, চিকিৎসা এবং সামাজিক কল্যাণমূলক বিভিন্ন খাতে বরাদ্দ রাখা হয়েছে। এসব উদ্যোগের মূল লক্ষ্য সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন।
তিনি অভিযোগ করেন, কিছু ব্যক্তি ও গোষ্ঠী এই বাজেটকে ‘চানাচুরের বাজেট’ বা ‘গণবিরোধী বাজেট’ বলে আখ্যা দিচ্ছেন। অথচ এই বাজেটের মাধ্যমে শ্রমজীবী, কৃষক, নিম্ন আয়ের পরিবার এবং সাধারণ জনগণের জন্য বিভিন্ন ধরনের সহায়তা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, মানুষের ভাগ্য পরিবর্তন এবং সামাজিক নিরাপত্তা জোরদার করাই সরকারের লক্ষ্য। সেই উদ্দেশ্য বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।




























