জাতীয় ডেস্ক: পোশাক খাতে চলমান শ্রম অসন্তোষের অবসান ঘটিয়ে দ্রুততম সময়ের মধ্যে মজুরি বোর্ডের সুপারিশ নিশ্চিতকরণ ও জানুয়ারি থেকেই নতুন বেতন-ভাতা বাস্তবায়নের ঐতিহাসিক ঘোষণা দিয়েছে সরকার, মালিক ও শ্রমিক প্রতিনিধিরা। এই আশ্বাসের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ নভেম্বর) থেকে দেশের সকল তৈরি পোশাক কারখানা সচল রেখে আন্দোলনরত শ্রমিকদের স্বতঃস্ফূর্তভাবে কাজে ফেরার জোর আহ্বান জানানো হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সচিবালয়ে শ্রমিক-মালিক-সরকারের সমন্বয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের ত্রিপক্ষীয় ব্রিফিংয়ে এই তাৎপর্যপূর্ণ বার্তা তুলে ধরা হয়। ব্রিফিংয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, “দেশের ইতিহাসের দ্রুততম সময়ে মজুরি বোর্ড তাদের সুপারিশমালা প্রদান করবে এবং জানুয়ারি থেকেই শ্রমিকরা বর্ধিত বেতন পাবেন।”
আন্দোলনের মুখে নিহত শ্রমিকের পরিবারকে এক লাখ টাকার আর্থিক সহায়তা ও দ্রুত বিচার নিশ্চায়নের পাশাপাশি গাজীপুরে শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিতে ১০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল তৈরির কথা ঘোষণা করেন মন্ত্রী। এসময় তিনি সতর্ক করে বলেন, “পোশাক খাতকে অস্থিতিশীল করে এই শিল্প অন্য দেশে সরিয়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে। কোনো উসকানিতে পা না দিয়ে উৎপাদন সচল রাখতে হবে।”
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং বিজিএমইএ ও বিকেএমইএর শীর্ষ নেতারা স্পষ্ট জানান, মজুরি বোর্ডকে স্বাধীনভাবে ও দ্রুততম সময়ে যুক্তিসঙ্গত মজুরি কাঠামোর সুপারিশ করার পূর্ণ সুযোগ দিতে হবে। শ্রম নেত্রী নাজমা আখতার, মন্টু ঘোষ ও মোশারেফা মিশু শ্রমিকদের রাজনৈতিক ফাঁদে না পড়ে শিল্প বাঁচাতে কর্মস্থলে ফেরার তাগিদ দেন। মালিকপক্ষ প্রতিশ্রুতি দিয়েছে যে মজুরি বোর্ডের চূড়ান্ত অনুমোদনের পর নতুন বেতন বিলম্ব ছাড়া বাস্তবায়ন করা হবে, তবে মজুরি বাড়ার পর যেন বাসা ভাড়া না বাড়ে সে বিষয়ে সরকারি নজরদারির অনুরোধ জানান বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম। সব মিলিয়ে দেশের অর্থনীতি ও তৈরি পোশাক খাতের চাকা সচল রাখতে বৃহস্পতিবার সকাল থেকেই পুরোদমে কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন শ্রমিক ও কারখানা মালিকরা।
সূত্রঃ অনলাইন সংস্করণ ও শ্রম মন্ত্রণালয়

