আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের রাজনীতির ইতিহাসে তৈরি হলো নতুন এক স্বর্ণোজ্জ্বল অধ্যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বকালের প্রথম মুসলিম সিনেটর হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন ডেমোক্র্যাট দলের উঠতি তারা আব্দুল এল-সাঈদ। মঙ্গলবার অনুষ্ঠিত মার্কিন মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্যের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিনেট আসনে সাবেক এফবিআই এজেন্ট ও রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে বড় ব্যবধানে পরাজিত করেন তিনি।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মিশিগানের সাবেক সিনেটর গ্যারি পিটার্সের বিদায়ের পর আসনটি রক্ষা করাই ডেমোক্র্যাটদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। সেই লড়াইয়ে তরুণ ও প্রগতিশীল নেতা ৪২ বছর বয়সী আব্দুল এল-সাঈদ মোট ২২ লাখ ৩৬ হাজার ৮২৪ ভোট পেয়ে বিজয়ী হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক কংগ্রেসম্যান মাইক রজার্স পান ১৯ লাখ ৯২ হাজার ১৩৩ ভোট। অর্থাৎ ২ লাখ ৪৪ হাজার ৬৯১ ভোটের বিপুল ব্যবধানে রজার্সকে হারিয়ে মার্কিন সিনেটে নিজের স্থান নিশ্চিত করেছেন সাঈদ।
পেশায় জনস্বাস্থ্য কর্মকর্তা ও তরুণ রাজনীতিবিদ সাঈদ তাঁর প্রচারণায় সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো, ‘মেডিকেয়ার ফর অল’ বা সবার জন্য বিনামূল্যে সরকারি স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং কর্পোরেট প্রভাব বন্ধের ওপর জোর দিয়ে সর্বস্তরের মানুষের মন জয় করেন।
নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি সমর্থনপুষ্ট প্রার্থী মাইক রজার্স তাঁকে ‘জিহাদি’ ও ‘কট্টরপন্থী’ হিসেবে আখ্যা দিয়ে বর্ণবাদী ও ইসলামোফোবিক প্রচার চালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত সাঈদের গণমুখী নীতি ও অর্থনীতির ওপর জনগণের ভরসার কাছে ট্রাম্পের জনপ্রিয়তা ধসে পড়ে। ইসরায়েলকে মার্কিন সামরিক সহায়তা দেওয়ার বিরোধিতায় সাঈদের স্পষ্ট অবস্থানও মধ্যপ্রাচ্য বংশোদ্ভূত ও প্রগতিশীল তরুণ ভোটারদের আকৃষ্ট করতে বড় ভূমিকা রেখেছে। সাঈদের এই ঐতিহাসিক বিজয়কে মার্কিন মুল্লুকে বৈচিত্র্য ও সমতার বড় জয় হিসেবে দেখছেন বিশ্ব বিশ্লেষকরা।
সূত্রঃ বার্তা সংস্থা রয়টার্স

