আওয়ার টাইমস নিউজ।
শিক্ষাঙ্গন ডেস্ক: ২০২৬ সালের এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি (মানোন্নয়ন ও অকৃতকার্য বিষয়) পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। প্রকাশিত রুটিন অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে এই পরীক্ষা শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। লিখিত পরীক্ষার পাশাপাশি নির্ধারিত এই সময়ের মধ্যেই ব্যবহারিক পরীক্ষাও সম্পন্ন করতে হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) প্রকাশিত সময়সূচিতে দেখা গেছে, আগামী ১ ডিসেম্বর সকালে ইংরেজি প্রথম পত্র এবং বিকেলে ইংরেজি দ্বিতীয় পত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হবে। ২ ডিসেম্বর সকালে বাংলা প্রথম পত্র ও বিকেলে বাংলা দ্বিতীয় পত্র এবং ৩ ডিসেম্বর সকালে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথম পত্র ও বিকেলে একই বিষয়গুলোর দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ৫ ডিসেম্বর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) এবং ১৫ ডিসেম্বর অর্থনীতি ও আরবি বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে লিখিত পরীক্ষা শেষ হবে।
পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে পরীক্ষার্থী এবং সংশ্লিষ্ট কেন্দ্র কর্তৃপক্ষের জন্য কঠোর ১১টি নির্দেশনা জারি করেছে শিক্ষা বোর্ড।
পরীক্ষার্থীদের জন্য ১১টি জরুরি নির্দেশনা:
১. আসন গ্রহণ: পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষাকক্ষে নিজ নিজ আসনে বসতে হবে।
২. পরীক্ষার ক্রম: পরীক্ষায় প্রথমে বহুনির্বাচনি (এমসিকিউ) এবং পরবর্তীতে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) অংশের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৩. সময় বণ্টন ও বিরতিহীন পরীক্ষা: ৩০ নম্বরের এমসিকিউ অংশের সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল অংশের সময় ২ ঘণ্টা ৩০ মিনিট। ব্যবহারিক বিষয়সংবলিত পরীক্ষার ক্ষেত্রে ২৫ নম্বরের এমসিকিউর সময় ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল অংশের সময় ২ ঘণ্টা ৩৫ মিনিট। উভয় অংশের পরীক্ষার মাঝে কোনো বিরতি থাকবে না। (সকাল ১০টার পরীক্ষায় ৯:৩০ মিনিটে ওএমআর শিট ও ১০টায় এমসিকিউ প্রশ্ন দেওয়া হবে এবং ১০:৩০ মিনিটে ওএমআর নিয়ে সৃজনশীল প্রশ্ন দেওয়া হবে। একই নিয়মে বেলা ২টার পরীক্ষা শুরু হবে ১:৩০ মিনিটে ওএমআর বিতরণের মাধ্যমে।)
৪. নির্ধারিত সময়: প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ীই পরীক্ষা গ্রহণ করা হবে।
৫. প্রবেশপত্র সংগ্রহ: পরীক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে পরীক্ষা শুরুর অন্তত পাঁচ দিন আগে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
৬. ওএমআর পূরণ ও সতর্কতা: উত্তরপত্রে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড সঠিকভাবে লিখে নির্ধারিত বৃত্ত ভরাট করতে হবে। কোনো অবস্থাতেই উত্তরপত্রের মার্জিনের ভেতরে লেখা কিংবা উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
৭. পৃথকভাবে পাস ও ব্যবহারিক নম্বর: তত্ত্বীয়, বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে (প্রযোজ্য ক্ষেত্রে) পৃথকভাবে পাস করতে হবে। ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে পূর্বের প্রাপ্ত নম্বর বহাল থাকবে; কেবল ব্যবহারিক অংশে অকৃতকার্য ও অনুপস্থিত পরীক্ষার্থীরাই এতে অংশ নেবেন।
৮. নির্ধারিত বিষয়: রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রে উল্লিখিত বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না।
৯. আসনবিন্যাস: কোনো পরীক্ষার্থীর পরীক্ষা নিজ কলেজ বা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না; অন্য কেন্দ্রে স্থানান্তরের মাধ্যমে আসনবিন্যাস করা হবে।
১০. ক্যালকুলেটর ব্যবহার: পরীক্ষাকক্ষে কেবল শিক্ষা বোর্ড অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর (Non-programmable) ব্যবহার করা যাবে। কোনো প্রোগ্রামিং ক্যালকুলেটর আনা যাবে না।
১১. মোবাইল ফোন নিষিদ্ধ: কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না এবং কোনো পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন আনতে পারবেন না।
উল্লেখ্য, পূর্বে এক বা দুই বিষয়ে অকৃতকার্য হলেও শিক্ষার্থীদের পরবর্তী বছরের পরীক্ষার জন্য দীর্ঘ এক বছর অপেক্ষা করতে হতো। তবে এ বছরই প্রথম সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের এক মাসের মধ্যেই পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত ৩১ অক্টোবর প্রকাশিত ২০২৬ সালের এইচএসসি ও সমমানের ফলাফলে মোট ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থী এক ও দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন (এর মধ্যে এক বিষয়ে ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে ১ লাখ
২৪ হাজার ৮৬৫ জন)।

