আওয়ার টাইমস নিউজ।
জাতীয় ডেস্ক: ইপিজেডের বর্জ্যের কারণে কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের পরিবেশ বিপর্যয়, কৃষি এবং জলজ প্রাণীর মারাত্মক ক্ষতির অভিযোগ তুলে জাতীয় সংসদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। এ সময় তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছেন, তার উত্থাপিত বক্তব্য মিথ্যা প্রমাণিত হলে তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করবেন। পাশাপাশি এই অঞ্চলের দীর্ঘদিনের সমস্যাগুলো স্থায়ীভাবে সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
গত সোমবার (১৬ নভেম্বর ২০২৬) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
সংসদে গোমতী নদীর ভাঙন ও ভয়াবহ বন্যা পরিস্থিতির কথা তুলে ধরে এমপি মনিরুল হক চৌধুরী বলেন, গোমতী নদীর দুই পাড়ের চর থেকে অবৈধভাবে মাটি ও বালু কাটার ফলে বাঁধের মারাত্মক ক্ষতি হচ্ছে। এর ফলে লাখ লাখ মানুষ প্রতিবছর ঘরছাড়া ও সর্বস্বান্ত হচ্ছে। অতীতে পাকিস্তান আমলেও গোমতীকে কুমিল্লার দুঃখ বলা হতো উল্লেখ করে তিনি বলেন, চীনের হোয়াংহো নদীর সমস্যার সমাধান হলেও স্বাধীনতার দীর্ঘ ৫০ বছর পরও গোমতী নদীর স্থায়ী সমাধান করা সম্ভব হয়নি। বর্তমান সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীর জবাব কিছুটা ‘দায়সারাগোছের’ ছিল বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির শাসনামলের কথা স্মরণ করে তিনি বলেন, অতীতে দক্ষিণ কুমিল্লা-উত্তর নোয়াখালী বন্যা সেচ প্রকল্প বাস্তবায়িত হওয়ার পর দীর্ঘদিন কোনো সমস্যা ছিল না। কিন্তু বিগত সরকারের আমলে রক্ষণাবেক্ষণের অভাবে নদীগুলো ভরাট হয়ে যাওয়ায় আবারও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
কুমিল্লা ইপিজেডের বর্জ্যের চরম ত্রুটির কারণে এলাকার পরিবেশ ও কৃষিজমি ধ্বংস হয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং জাতীয় সংসদে বিষয়টি তুলে ধরে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

