আওয়ার টাইমস নিউজ।
আইন-বিচার ডেস্ক: জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আইনি (লিগ্যাল) নোটিশ পাঠানো হয়েছে। কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় তাঁকে দেশে ফিরিয়ে এনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেওয়া এবং পরবর্তী বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য নোটিশে সাত দফা সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হয়েছে।
আজ বুধবার (১৮ নভেম্বর ২০২৬) জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মাহমুদুল হাসান মামুন রেজিস্টার্ড ডাক ও ই-মেইলের মাধ্যমে এই নোটিশটি প্রেরণ করেন।
নোটিশে মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে বিবাদী করা হয়েছে।
আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন নোটিশে উল্লেখ করেন, তিনি কোনো রাজনৈতিক দল কিংবা ব্যক্তির পক্ষে অবস্থান নিয়ে এ উদ্যোগ নেননি; বরং সংবিধানের ২১(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জননিরাপত্তা রক্ষার স্বার্থে একজন সচেতন নাগরিক হিসেবে নিরপেক্ষ অবস্থান থেকে এই পদক্ষেপ নিয়েছেন।
নোটিশে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, দীর্ঘ সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার কারণে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা, গোয়েন্দা নেটওয়ার্ক, কূটনৈতিক প্রোটোকল ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত অত্যন্ত সংবেদনশীল তথ্য শেখ হাসিনার জানা রয়েছে। প্রতিবেশী রাষ্ট্রে তাঁর দীর্ঘ অবস্থান এসব রাষ্ট্রীয় গোপনীয়তা ও জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।
ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আবদরাব্বুহ মানসুর হাদি ও ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের উদাহরণ টেনে নোটিশে বলা হয়, ক্ষমতাচ্যুত রাষ্ট্রপ্রধানের অন্য দেশে দীর্ঘ অবস্থান আঞ্চলিক ভূ-রাজনৈতিক উত্তেজনা বাড়াতে পারে। তাই ভারত ও বাংলাদেশের মধ্যে সম্ভাব্য কূটনৈতিক বৈরিতা এড়াতে তাঁকে দ্রুত ফিরিয়ে আনা জরুরি।
নোটিশে উল্লিখিত ৭ দফা প্রস্তাবনা:
১. কূটনৈতিক পত্র প্রেরণ: বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক কূটনৈতিক পত্র বা ‘নোট ভার্বাল’ পাঠিয়ে তাঁকে ফিরিয়ে আনার সহযোগিতা চাওয়া।
২. আত্মসমর্পণের সুযোগ: ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশন অনুযায়ী কূটনৈতিক সুরক্ষা নিশ্চিত করে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার প্রবেশ ও আত্মসমর্পণের সুযোগ তৈরি করা।
৩. পুলিশি হেফাজতে গ্রহণ: হাইকমিশন প্রাঙ্গণে আত্মসমর্পণের পর বাংলাদেশ পুলিশের একটি বিশেষ দল পাঠিয়ে তাঁকে আইনানুগভাবে গ্রেপ্তার ও হেফাজতে নেওয়া।
৪. বিশেষ ফ্লাইটে প্রত্যাবর্তন: বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ট্রাভেল পাস ইস্যু করে কঠোর নিরাপত্তায় বাণিজ্যিক বা বিশেষ উড়োজাহাজে তাঁকে দেশে ফিরিয়ে আনা।
৫. টুঙ্গিপাড়ায় সাব-জেল ঘোষণা: জনশৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তাঁর পৈতৃক বাড়িকে প্রজ্ঞাপনের মাধ্যমে বিশেষ ‘সাব-জেল’ বা উপকারাগার ঘোষণা করা এবং ঢাকা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে সেখানে নেওয়া।
৬. আপিলের সুযোগ বিবেচনা: আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ২১ ধারা অনুযায়ী বিলম্ব মার্জনার মাধ্যমে তাঁর আপিল শুনানির সুযোগ রয়েছে কি না, তা আদালতের বিবেচনায় নেওয়া।
৭. ভার্চুয়াল বিচারিক কার্যক্রম: নিরাপত্তার স্বার্থে তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ অনুসরণ করে বিচারাধীন অন্যান্য মামলার কার্যক্রম প্রয়োজনে ভার্চুয়ালি পরিচালনা করা এবং চূড়ান্ত রায় কার্যকর করা।
আগামী ১৫ দিনের মধ্যে এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে লিখিতভাবে না জানালে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন (পিআইএল) দায়ের করা হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন। ইতোমধ্যে বাংলাদেশ সরকার বন্দি বিনিময় চুক্তির আওতায় তাঁকে ফেরত পাঠাতে ভারতকে আনুষ্ঠানিক অনুরোধ জানালেও দিল্লির পক্ষ থেকে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি।

