আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার আগ্রহের খবরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আসো খাঁচা আর দড়ি রেডি আছে।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ এই মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে শেখ হাসিনার রাষ্ট্রীয় বিমান চাওয়ার বিষয়টিকে কটাক্ষ করে আসিফ মাহমুদ লেখেন, ‘ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবে। বের করে দিচ্ছে ভালো কথা, ভারত আমাকে একটা বিমানও দিচ্ছে না। এটাও বাংলাদেশ থেকে চাইতে হচ্ছে।’ এরপর ঢাকার উদ্ধৃতি দিয়ে পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘আসো খাঁচা আর দড়ি রেডি আছে।
এর আগে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, দুই বছরেরও বেশি সময় ধরে ভারতে নির্বাসিত থাকার পর আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফিরতে চান শেখ হাসিনা। ভারত থেকে ফেরার জন্য নতুন পাসপোর্ট ও প্রয়োজনীয় নথিপত্রের পাশাপাশি তিনি বাংলাদেশ সরকারের কাছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান পাঠানোর আহ্বান জানিয়েছেন।
রয়টার্সকে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানান, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি উড়োজাহাজে করেই শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। তাই এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও সরকারের কাছে একইভাবে বিমান পরিবহনের ব্যবস্থা চান তিনি।
সংশ্লিষ্ট সূত্রমতে, দেশত্যাগের পর এবারই প্রথম দেশে ফেরার জন্য নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করলেন শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক এই প্রধানমন্ত্রীর এমন ঘোষণাকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

