আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি ডেস্ক: আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহের খবরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ইস্যুতে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে স্বাগত জানিয়ে সরাসরি ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে এবং প্রয়োজনে দেশে আরেকটি ‘৫ আগস্ট’ রচিত হবে। অন্যদিকে, সীমান্তের ওপারে আওয়ামী লীগ নেতাদের তৎপরতা ও দেশের ভেতরে সাম্প্রতিক নাশকতার পেছনে গভীর ষড়যন্ত্রের আভাস দেখছে ক্ষমতাসীন বিএনপি।
গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধে এনসিপির এক মোটরসাইকেল র্যালিতে অংশ নিয়ে দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ তীব্র প্রতিক্রিয়া জানান। শেখ হাসিনার দেশে ফেরার আলোচনাকে ‘রাজনৈতিক নাটক ও মিডিয়া স্ট্যান্ডবাজি’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘আসতে বলেন তাকে, আমরা তো চাই উনি ফেরত আসুক। ফেরত আসলে উনার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে। যদি আসতেই হয়, আমরা ফুল নিয়ে যাব তার জন্য; ওখান থেকে বাংলাদেশের সব মানুষ গিয়ে তাকে ফাঁসির মঞ্চে আগায় দেবে।’
এর আগে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামও সতর্ক করে বলেছেন, ভারত ও আওয়ামী লীগের সহযোগীরা সীমান্তের ওপার থেকে এবং দেশের ভেতরে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে। শেখ হাসিনা বা ফ্যাসিবাদী শক্তি পুনর্বাসনের কোনো চেষ্টা করা হলে ছাত্র-জনতা আবারও রাজপথে নেমে আরেকটি ৫ আগস্ট ঘটাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা।
অন্যদিকে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও সাম্প্রতিক অগ্নিসন্ত্রাসের ঘটনায় গভীর ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে পরিকল্পিত নাশকতা ও অরাজকতা চালাচ্ছেন। পেট্রাপোল সীমান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের বৈঠক ও দেশের ভেতরে সহিংসতার পেছনে বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে উল্লেখ করে তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে প্রশাসনের পাশাপাশি রাজপথে থেকে সব ষড়যন্ত্র ও নৈরাজ্য প্রতিহত করা হবে।
উল্লেখ্য, আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে শেখ হাসিনার মুখপাত্রের বরাতে জানানো হয়, আগামী ১৬ ডিসেম্বর দিল্লি থেকে ঢাকায় ফিরতে বাংলাদেশ সরকারের কাছে রাষ্ট্রীয় বিমান পাঠানোর আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। তবে সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, প্রত্যর্পণ চুক্তির আওতায় বন্দি হিসেবে হাতকড়া পরেই তাকে দেশে ফিরতে হবে এবং এলে আদালতের রায় কার্যকর করা হবে।

