আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: মিসরের শারকিয়া প্রদেশের গেজিরেত ফাদেল গ্রাম। কায়রোর উত্তর-পূর্বে প্রায় এক ঘণ্টার দূরত্বে বিস্তীর্ণ ফসলের মাঠ ও সেচ খালের পাশে গড়ে ওঠা এই জনপদে বাস করেন প্রায় চার হাজার ফিলিস্তিনি শরণার্থী। ১৯৪৮ সালে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় ভিটেমাটি ছাড়া হওয়া এই মানুষগুলোর জীবনের গল্প শুনলে চোখের পানি ধরে রাখা কঠিন।
এই গ্রামের সম্ভবত একমাত্র জীবিত মানুষ ৯০ বছর বয়সী শাম্মা আবু হোসেন, যিনি ১৯৪৮ সালের আগের অখণ্ড ফিলিস্তিনে বসবাস করেছিলেন। মিসরে আশ্রয় নেওয়ার পর আইনি অনিশ্চয়তা ও দোলাচলের মধ্য দিয়ে নিজের পরিবারের তিনটি প্রজন্মকে বড় হতে দেখেছেন তিনি। গাজা যুদ্ধ এবং গাজাবাসীকে বিতাড়িত করার বিষয়ে ইসরাইলি মন্ত্রীদের সাম্প্রতিক বক্তব্য তাকে আবারও ৭৮ বছর আগের সেই ভয়াবহ ইতিহাসের কথা মনে করিয়ে দিচ্ছে।
নিজের নিচু ইটের ঘরের পুরোনো সোফায় বসে বার্তা সংস্থা এএফপিকে শাম্মা আবু হোসেন বলেন, ‘এত ভোগান্তি ও নির্যাতন সহ্য করার পরও তারা এখন গাজাবাসীকে তাদের নিজ বাড়িঘর থেকে উৎখাত করতে চায়। আমি নিজে কী পরিস্থিতির মধ্য দিয়ে গেছি, তা আজও স্পষ্ট মনে আছে।
১৯৪৮ সালে ফিলিস্তিনিদের ‘নাকবা’ বা মহাবিপর্যয়ের দিনগুলোর স্মৃতিচারণ করে তিনি জানান, এক অভিশপ্ত সন্ধ্যায় বর্তমান দক্ষিণ ইসরাইলের বীরশেবা শহরের আকাশজুড়ে আগুনের শিখা ছড়িয়ে পড়লে পরিবারের বয়োজ্যেষ্ঠরা শিশুদের দ্রুত উটে তুলে মরুভূমির পথে রওনা হন। খাবার ও পানি ছাড়া দিনের পর দিন তপ্ত মরুভূমি পাড়ি দিতে গিয়ে পথেই মাকে হারান আবু হোসেন। অবশেষে প্রাণ নিয়ে মিসরে পৌঁছান তারা।
সময়ের পরিক্রমায় তাদের সেই আশ্রয়স্থল আজ চার হাজার ফিলিস্তিনির গ্রামে পরিণত হলেও কাগুজে জটিলতায় তাদের জীবন আজও বন্দি। মিসরে জন্ম নিয়েও নাগরিকত্ব না থাকায় তাদের ‘বিদেশি’ হিসেবে গণ্য করা হয়। ফলে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের ক্ষেত্রে পদে পদে বাধার মুখে পড়ছেন তারা।
১০ সন্তানের জনক ৬৩ বছর বয়সী কৃষিশ্রমিক সেলমি সোলাইমান আল-নামুলি আক্ষেপ করে বলেন, ‘আমার জন্ম মিসরে, আমার বাবার জন্মও এখানে, এমনকি আমার সন্তানরাও এই মাটিতে জন্মেছে। তবু কাগজপত্রে আমরা বিদেশি।’ তিনি জানান, আবাসনের অনুমতি নবায়নে ডলারে ফি দেওয়া এবং অতিরিক্ত স্কুল বেতনের চাপ সামলাতে না পেরে মেধাবী মেয়ে আসমাকে বিশ্ববিদ্যালয়ে পড়াতে পারেননি। একইভাবে কাগজপত্রের জটিলতায় উচ্চশিক্ষার স্বপ্ন বিসর্জন দিয়ে গ্রামের একটি পোশাকের দোকানে কাজ নিতে বাধ্য হয়েছেন তার ২৫ বছর বয়সী ভাতিজা ফারিদ খালেদ আল-নামুলি।
ফিলিস্তিনি শরণার্থীদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা ‘বাদিল’-এর প্রতিনিধি লুবনা শোমালি জানান, মিসরজুড়ে নামুলিদের মতো লক্ষাধিক ফিলিস্তিনি প্রজন্মের পর প্রজন্ম ধরে এমন অনিশ্চয়তার মধ্যে বাস করছেন। গাজা যুদ্ধের আগে মিসরে প্রায় ৫০ হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি থাকলেও সাম্প্রতিক যুদ্ধের পর আরও লক্ষাধিক মানুষ সেখানে আশ্রয় নিয়েছেন। তার মতে, ফিলিস্তিনিদের এই বাস্তুচ্যুতি এখনো থামেনি, বরং তারা একটি ‘চলমান নাকবা’র মধ্য দিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য, সাবেক প্রেসিডেন্ট জামাল আবদেল নাসেরের শাসনামলে মিসরে ফিলিস্তিনিরা নাগরিকদের প্রায় সমান সুযোগ পেলেও ১৯৭৮ সালে ইসরাইলের সঙ্গে মিসরের শান্তিচুক্তি এবং পরবর্তীতে মিসরের সংস্কৃতিমন্ত্রী ইউসুফ সিবাই হত্যাকাণ্ডের পর থেকে তাদের ওপর নানা প্রশাসনিক বিধিনিষেধ আরোপ করা হয়।

