আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি ডেস্ক: ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায় এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকার প্রতিবাদে আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) সারা দেশে মাঠে নামছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচির অংশ হিসেবে আজ দেশের সব জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে দলটি। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত সন্ত্রাস, অরাজকতা ও জ্বালাও-পোড়াওয়ের অভিযোগও আজকের এই কর্মসূচিতে জোরালোভাবে তুলে ধরা হবে।
গতকাল বুধবার (২৫ নভেম্বর) দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশব্যাপী এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার জানান, ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি বাস্তবায়ন এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে সব জেলায় এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেওয়া হয়েছে।
কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট জেলা শাখার নেতাকর্মীদের স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নামার আহ্বান জানান তিনি। একই সঙ্গে দেশব্যাপী এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল সর্বাত্মকভাবে সফল করতে দেশবাসীর আন্তরিক সহযোগিতাও কামনা করেন জামায়াতের এই শীর্ষ নেতা।

