
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর অভিযানে নগদ অর্থ ও নির্বাচনসংক্রান্ত স্লিপসহ দুই বিএনপি কর্মীকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার মাধবপাশা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন হুমায়ুন গাজী ও এনায়েত কাজী।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, বাবুগঞ্জ আর্মি ক্যাম্পের একটি নিয়মিত টহল দল মাধবপাশা এলাকায় সন্দেহজনকভাবে চলাচলরত একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালায়। এ সময় তাদের কাছ থেকে নগদ এক লাখ দুই হাজার টাকা এবং নির্বাচনি স্লিপ উদ্ধার করা হয়।
সেনাবাহিনী জানায়, চলমান আইনশৃঙ্খলা রক্ষা ও নির্বাচনকালীন নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিত টহলের সময় সন্দেহজনক আচরণের কারণে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা নিজেদের বিএনপি কর্মী বলে পরিচয় দেন।
পরবর্তীতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় এলাকায় আলোচনা তৈরি হয়েছে। নির্বাচন সামনে রেখে এমন অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।




























