
আওয়ার টাইমস নিউজ।
বিএনপি সরকার গঠন করতে পারলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, দেশের মানুষের প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে হলে দুর্নীতির বিরুদ্ধে আপসহীন নীতি গ্রহণ করা ছাড়া বিকল্প নেই।
রোববার রাজধানীর মিরপুর পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে ঢাকা-১৬ আসনের বিএনপির নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, গত ১৬ বছরে দেশে একের পর এক মেগা প্রকল্প বাস্তবায়ন করা হলেও সাধারণ মানুষের জীবনে কোনো ইতিবাচক পরিবর্তন আসেনি। বরং এসব প্রকল্পের আড়ালে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তার ভাষায়, ২৪ জুলাইয়ের অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না। এখনই তাদের স্বপ্ন বাস্তবায়নের সময়।
তিনি আরও বলেন, আসন্ন ১২ তারিখের নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ দিন। এদিন জনগণকে সিদ্ধান্ত নিতে হবে, কারা দেশ পরিচালনার দায়িত্ব নেবে।
রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনার প্রসঙ্গে তারেক রহমান বলেন, কেবল বিরোধী দলকে দোষারোপ করে জনগণের কোনো উপকার হয় না। বিএনপির রাজনীতির মূল লক্ষ্য জনগণের ভাগ্যের পরিবর্তন করা।
নারীদের ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালু করা হবে। পাশাপাশি কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করে সুদসহ সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে।
ঢাকা-১৬ আসনের উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, এলাকাবাসীর চিকিৎসাসেবার জন্য একটি হাসপাতাল নির্মাণ করা হবে। বিদেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে যেতে আগ্রহীদের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থাও করা হবে।
নগর সমস্যার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, পানি সংকট ও জলাবদ্ধতা নিরসনে সরকার গঠন করলে ঢাকার খাল খনন কার্যক্রম অগ্রাধিকার ভিত্তিতে শুরু করা হবে। একই সঙ্গে সারা দেশে খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করাও বিএনপির অন্যতম অগ্রাধিকার হবে বলে জানান তিনি।
তারেক রহমান বলেন, সবার আগে দেশকে গুরুত্ব দিতে হবে এবং যেকোনো মূল্যে দেশ গড়ে তুলতে হবে।
জনসভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, উপদেষ্টা ড. মাহদী আমিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


























